
দেশের বিভিন্ন সমুদ্র ও নৌবন্দর সংশ্লিষ্ট কাস্টমস স্টেশন থেকে শিপিং এজেন্ট লাইসেন্স প্রদান প্রক্রিয়াকে আরও প্রতিযোগিতামূলক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৫ প্রণয়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে গত ৩০ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এনবিআর সূত্রে জানা গেছে, শিপিং এজেন্ট সংক্রান্ত কার্যক্রমকে সহজ, সময়োপযোগী ও বাস্তবমুখী করতেই এই নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে। এর আগে শিপিং এজেন্ট লাইসেন্স প্রদানের জন্য কোনো পৃথক বিধান না থাকায় কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ অনুসরণ করা হতো।
নতুন বিধিমালার আওতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো—কাস্টমস স্টেশনভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে এনবিআরের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা বাতিল করা। এর ফলে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ আগের তুলনায় দ্রুত সময়ের মধ্যেই লাইসেন্স ইস্যু করতে পারবে।
এছাড়া, শিপিং এজেন্ট লাইসেন্স পাওয়ার জন্য আর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন হবে না। দাখিলকৃত কাগজপত্র যথাযথ থাকলে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যেই লাইসেন্স প্রদান করা হবে।
নতুন বিধিমালার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো—এখন থেকে একটি কাস্টমস স্টেশন থেকে প্রাপ্ত শিপিং এজেন্ট লাইসেন্স ব্যবহার করে দেশের যেকোনো সমুদ্র বা নৌবন্দরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যাবে। আগে এই সুবিধা কেবল সংশ্লিষ্ট কাস্টমস স্টেশন ও বন্দরের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
এনবিআর আশা করছে, এই বিধিমালা কার্যকর হলে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে এবং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল ও সহজ হবে। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের চলমান সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
-Corporate Academy


